নরওয়ের সরকার জানিয়েছে, মঙ্গলবার অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক বিবৃতিতে বলেন, “ইউক্রেন অনুরোধ জানিয়েছিল যেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই বৈঠকে যোগ দেন। তাঁরা যে এতে অংশ নিতে পারছেন, তাতে আমি আনন্দিত।” নরওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টিভ উইটকফ সশরীরে অসলোতে গিয়ে আলোচনায় অংশ নেবেন, আর জ্যারেড কুশনার দূর থেকে (ভার্চুয়ালি) যুক্ত হবেন। নরওয়ের প্রধানমন্ত্রী স্টোর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবও এই আলোচনায় অংশ নেবেন। স্টোর বলেন, “এর আগেও বিভিন্ন দেশে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। নরওয়ে ও ফিনল্যান্ড এই ধারা অব্যাহত রাখতে পেরে আনন্দিত। আমাদের লক্ষ্য হলো কূটনৈতিক প্রচেষ্টাকে আরও গঠনমূলক পথে এগিয়ে নেওয়া।” অসলো সফরের সময় জেলেনস্কি নরওয়ের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পার্লামেন্ট পরিদর্শন করবেন। এর আগে সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ যুক্তরাষ্ট্রের এক বেনামী কর্মকর্তার বরাতে জানিয়েছিল যে, এরপর স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন, যেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন প্রস্তাব তুলে ধরার আশা করছেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এএফপি হোয়াইট হাউসের কাছে অনুরোধ জানালেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।