ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, ১১-দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসন, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।

সংঘাতের পরিবর্তে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।