ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ফয়সল আমিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৪৯ ভোট। বাতিল হয়েছে ৫ হাজার ৩০৮টি ভোট। ভোট পড়েছে ৬৪ দশমিক ৭৭ শতাংশ।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলার ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে তার পদত্যাগে আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।

মন্তব্য করুন