প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উড়োজাহাজে এ ধরনের ঘটনা ঘটলে নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। এর অংশ হিসেবেই এবার কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে।
বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
তদন্ত কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন শনাক্ত করা, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করা এবং এ ঘটনার কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী প্রভাব পড়েছে, তা নিরূপণ করা।
এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৭ ফ্লাইটটি কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর উড্ডয়ন করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল দল এবং জাপানের কারিগরি বিশেষজ্ঞরা উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটির পুশব্যাক করা হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে ফ্লাইট বিজি ৩৭৭।

মন্তব্য করুন