মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি ঘিরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২ ডলার ৭২ সেন্টে।
এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তে চলেছে দুই ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
হুথি বাহিনীর দাবি, তারা সৌদি আরবের রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরবরাহে বিঘ্নের আশঙ্কাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন