রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম শেষ হলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

কর্মকর্তারা জানান, বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন। এই ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটে হট কমিশনিংয়ের ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এ ধাপে পারমাণবিক জ্বালানি লোডিং ও চুল্লির সাব-ক্রিটিক্যাল অবস্থা যাচাই করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালিত হয়েছে। ‘বি-২’ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা ও কমিশনিংয়ের কাজ শেষ করা গেলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

তবে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। পরবর্তী ‘সি’ পর্যায়ে চুল্লির ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। এরপর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে।