তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি তাহসিফেরই মোটরসাইকেল। তবে পরিচয় নিশ্চিত করতে চলছে যাচাই-বাছাই।
শুক্রবার সকালে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান মোস্তফা কামাল। পিবিআই জানিয়েছে, মোটরসাইকেলটি পাওয়া গেছে মাজার বস্তি এলাকায়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্তের পাশাপাশি নৌ পুলিশকে সহযোগিতা করছে।
এর আগে তাহসিফের নিখোঁজ হওয়ার আগে তাঁর সঙ্গে থাকা দীপকে পিবিআই হেফাজতে নেওয়ার খবরও সামনে আসে। অন্যদিকে, নৌ পুলিশের ভাষ্য অনুযায়ী, তাহসিফের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মোটরসাইকেলটি কি সত্যিই তাহসিফের? কীভাবে তাঁর মৃত্যু হলো? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন