ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

পরে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।

ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে গত ১৭ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে ২৭ অক্টোবর ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা ১০ নারীর মধ্যে নড়াইলের তিনজন, যশোরের দুজন এবং চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, নরসিংদী ও খুলনার একজন করে রয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।