নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী, আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক।
শুক্রবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাউড়িবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন (৪০) ও তাঁর ছেলে রাজিন (৫)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন।
আহত শাহীনের স্ত্রী তুহিন আক্তার, তাঁদের আট বছর বয়সী মেয়ে এবং অপর মোটরসাইকেলের চালক সাফিক মিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত সাফিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন