চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনার পর ফেলে যাওয়া একটি প্রাইভেটকার থেকে ৪০ লিটার মদ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি ভোর ৫টার দিকে নাজিরহাটের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর গাড়িতে থাকা চালক ও অন্য আরোহীরা সেটি ঘটনাস্থলে ফেলে চলে যান। পরে স্থানীয়দের তল্লাশিতে গাড়ির ভেতর ৪০ লিটার মদ পাওয়া যায়।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মদসহ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।