https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ৫ হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এই তহবিলের আওতায় উদ্যোক্তারা চলতি মূলধনের জন্য সর্বোচ্চ ৯ শতাংশ সুদ হারে ঋণ পাবেন। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থ নিয়ে উদ্যোক্তাদের কাছে ঋণ বিতরণ করবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশে প্রায় ১ কোটি ১৮ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে। মূলধনের অভাবে অনেক প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা ব্যবসা চালাতে পারছে না—এই সমস্যা সমাধানেই নতুন তহবিল চালু করা হয়েছে।
ঋণ সুবিধার ক্ষেত্রে সচল প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে। তবে কোনো ঋণখেলাপি এই তহবিল থেকে সুবিধা নিতে পারবে না।
ঋণ গ্রহণের পর উদ্যোক্তারা ৩ থেকে ৬ মাস পর্যন্ত কিস্তি পরিশোধে ছাড় (গ্রেস পিরিয়ড) পাবেন। পাশাপাশি ব্যাংক নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত ফি বা চার্জ আদায় করতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, যেসব ব্যাংকের ঋণ-আমানত অনুপাত বেশি, তারা এই তহবিল থেকে অর্থ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী তদারকি ও পরিদর্শন করবে।