দেশে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলো চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ৩২৫টি মেডিকেল অফিসারের পদ। এ ছাড়া আবাসিক চিকিৎসক, সার্জন, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন, অ্যানেসথেটিস্টসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী, বরিশাল, রংপুর, কুমিল্লা ও খুলনা শিশু হাসপাতালে পৃথক পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের সুবিধা থাকবে। ভবিষ্যতে হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। এরপর হাসপাতালগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর জানান, চলতি বছরের শেষ দিকে পাঁচটি হাসপাতাল একযোগে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে হাসপাতালগুলোতে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন