বাংলাদেশ ব্যাংক চালু করেছে বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির (P2P) টাকা পাঠানোর সুবিধা। ফলে এখন আর প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কিউআর কোড স্ক্যান করেই সরাসরি টাকা পাঠানো যাবে।রবিবার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।

নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অর্থ স্থানান্তর করতে পারবেন। লেনদেনের আগে প্রাপকের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের সুযোগও থাকবে।

এত দিন বাংলা কিউআর কোড মূলত দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে অর্থ পরিশোধের কাজে ব্যবহৃত হতো। নতুন সুবিধার ফলে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যেও এই প্রযুক্তিতে টাকা পাঠানো সম্ভব হবে।

বিশেষ করে ব্যক্তিগত দেনা-পাওনা, দৈনন্দিন ছোটখাটো লেনদেন কিংবা পরিচিতজনদের অর্থ পাঠানোর ক্ষেত্রে সেবাটি কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য ডিজিটাল লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করা এবং নগদ টাকার ব্যবহার কমানো। এর মাধ্যমে দেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।