যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে কাতারের মধ্যস্থতায় আলোচনা শেষে দোহা ছেড়েছেন ইরানের প্রতিনিধিরা। তবে সম্ভাব্য সমঝোতা চুক্তির একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে অগ্রগতি হলে দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হতে পারে।

সোমবার (২ নভেম্বর) বৈঠকের বিষয়ে অবগত এক কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানি প্রতিনিধিরা দোহা ত্যাগ করেন। তবে আলোচনায় কোনো জটিলতা বা মতবিরোধের কারণে তারা ফিরে গেছেন, এমনটি নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের লক্ষ্যে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি দোহায় অবস্থান করছিলেন।

বাঘাই বলেন, ইরানের দাবিগুলো স্পষ্ট ও যৌক্তিক। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি সই হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালিও খুলে দেওয়া সম্ভব নয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি চালুর বিষয়ে সাত দিনের পরিকল্পনা দুই দিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত আবারও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। তবে ভবিষ্যতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও তিনি নাকচ করেননি।

ফলে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।