আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই বলে জানিয়েছে ইরান। তবে দেশটির অভিযোগ, কিছু প্রতিবেশী রাষ্ট্র তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কর্মকাণ্ডে সহযোগিতা করেছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় এসব দেশের কয়েকটি স্থানে পাল্টা হামলা চালাতে হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ কথা বলেন।

তিনি বলেন, কিছু নির্দিষ্ট দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন এবং নাগরিকদের হুমকির মুখে ফেলা হলে তেহরান চুপ করে থাকতে পারে না।

যুদ্ধের সময় কয়েকটি আরব দেশে হামলার বিষয়ে ইঙ্গিত করে বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের ওপর এসব দেশের অতিরিক্ত নির্ভরতা এবং বিশ্বাসের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছু ক্ষেত্রে এসব দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বাঘেই আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে হলে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ দেওয়া যাবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন করে হামলা হলে তাদের পাল্টা জবাব হবে তীব্র ও কঠোর। প্রয়োজনে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছে দেশটি।