পুলিশ সূত্রে জানা গেছে, উমেশ চন্দ্র দাশ পশ্চিমবঙ্গ বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে কর্মরত ছিলেন।
সোমবার সকালে বিধানসভা ভবনের ক্যান্টিন বিভাগের শৌচাগারে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উমেশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত তার মৃত্যুর ঘটনায় অস্বাভাবিকতা বা অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি। এ ঘটনায় কেউ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেননি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তদন্তে কলকাতা পুলিশের বিশেষ দল
ঘটনার খবর পেয়ে বিধানসভা ভবনে পৌঁছায় কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড শাখার তদন্তকারী দল।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই উমেশ চন্দ্র দাশের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন