যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরের কাছে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব মাত্র ৯ মাইল বা প্রায় ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পাম বিচের ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ৯ আরোহী নিয়ে উড়োজাহাজটি টেক্সাসের অস্টিনের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। পরে এটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়।

এফএএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে তদন্ত করা হবে। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি।

দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেয়। ক্রেস্টহেভেন বুলেভার্ড ও টেনথ অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে বলেও জানানো হয়।

ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে যাত্রা শুরু করে। বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রায় ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উড়োজাহাজটিকে দ্রুত নিচে নেমে আসতে দেখা যায়। পরে বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।