প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত তাদের হাতে নেই। তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।
গত মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামের এক চীনা নারী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলেন। অভিযোগ রয়েছে, এনভিডিয়ার প্রযুক্তিগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই নারীর নিয়োগকর্তা প্রতিষ্ঠান মেগাস্পিড এনভিডিয়ার কাছ থেকে প্রায় ৪৮০ কোটি ডলারের পণ্য কিনেছে।
এদিকে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও উদ্বেগ তৈরি হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন এ বিষয়ে কংগ্রেসের কাছে জবাবদিহির দাবি জানিয়েছেন। অন্যদিকে, তিন রিপাবলিকান আইনপ্রণেতা আগামী ১৮ নভেম্বর হুয়াংকে কংগ্রেসে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে কর্মীদের কাছে পাঠানো ইমেইলে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করেছেন জেনসেন হুয়াং।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসারের কারণে এনভিডিয়ার গুরুত্ব ও ব্যবসা দ্রুত বেড়েছে। ওপেনএআই, গুগল, মেটা ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানকে এআই চিপ সরবরাহ করে আসছে কোম্পানিটি।

মন্তব্য করুন