ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইসেনকোট এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিগত অবস্থানে অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, নীতিগত দিক থেকে আইসেনকোট ও নেতানিয়াহু অনেকটাই একই রকম। আইসেনকোট তার সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন বলেও জানান তিনি। তবে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে আসলে কী ঘটছে, তা এখনো পুরোপুরি বুঝতে পারেননি বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে রোববার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বিরোধী নেতা গাদি আইসেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।

গত মাসে অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি আসন পায়। অন্যদিকে আইসেনকোটের নেতৃত্বাধীন চেঞ্জ জোট পায় ৪৮টি আসন। বাকি আসনগুলোর মধ্যে জয়েন্ট আরব লিস্ট ১১টি এবং রা’আম পার্টি আটটি আসন লাভ করে।

কোনো জোট এককভাবে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। পরে দুই আরব দল আইসেনকোটকে সমর্থনের ঘোষণা দেয়।

নির্বাচনের আগে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।