ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পেছনে ছিল মার্কিন লবিং প্রতিষ্ঠানের ভূমিকা। ভারতীয় দূতাবাসের সঙ্গে চুক্তির আওতায় এ পোস্ট নিয়ে কাজ করেছিল প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প। তবে এ অভিনন্দনবার্তার পেছনে ভারতীয় দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স কাজ করেছিল।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস দুটি প্রভাবশালী লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। এর মধ্যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারতীয় দূতাবাস।
অন্য প্রতিষ্ঠানটি হলো এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এ প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের মাসিক চুক্তি ছিল ১ লাখ ৫০ হাজার ডলার। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানের পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করছিল ভারতীয় দূতাবাস।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় জমা দেওয়া নথিতে এসব তথ্য প্রকাশ পেয়েছে। এ আইনের অধীনে বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে লবিং করা সংস্থাগুলোকে তাদের কার্যক্রম ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, থিংক ট্যাংক এবং নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষায় কাজ করত এসব প্রতিষ্ঠান।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ স্থাপনেও ভূমিকা রেখেছিল এসএইচডব্লিউ পার্টনার্স। পাশাপাশি রুবিওর ভারত সফরকালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও প্রতিষ্ঠানটির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভারতের কংগ্রেসের মিডিয়া সমন্বয়ক হারমিত কৌর প্রশ্ন তুলেছেন, মার্কিন লবিং প্রতিষ্ঠানের পেছনে ভারতীয় করদাতাদের এত বিপুল অর্থ ব্যয়ের বিনিময়ে দেশটি কী সুবিধা পাচ্ছে।
বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দনমূলক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট পেতে অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


মন্তব্য করুন