সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। আগের নির্ধারিত কোটার তুলনায় এই সংখ্যা ৫ হাজার বেশি।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছে। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
বৈঠকে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় আসে। তবে অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণ করতে না পারলে কিংবা কোটা বাতিল হলে সেই সুযোগ বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়নেও সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। আগামী বছর সেই সংখ্যা বেড়ে ৮৩ হাজার ৫০০ হওয়ার কথা রয়েছে।


মন্তব্য করুন