দেশে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
কেরামত আলী জানতে চান, বিগত সরকারের সময়ে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তি না হওয়ার কারণ এবং এ বিষয়ে কোনো রোডম্যাপ রয়েছে কি না।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নেয়।
এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত কপি এবং সরকারি কৌঁসুলির মতামত পর্যালোচনা করে।
মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে তা চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না, এসব বিষয় বিবেচনা করে কমিটিগুলো প্রত্যাহারের সুপারিশ করে।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বয়ের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে আবেদন ও সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


মন্তব্য করুন