আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলটির কার্যক্রমের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমানে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের আগুন-সন্ত্রাস নতুন কিছু নয়। তাঁর দাবি, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ কারণেই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগের সব ধরনের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গেজেট অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভাসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ।

তিনি বলেন, ‘তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।’