ব্যয় সংকোচনের অংশ হিসেবে গাড়ি কেনা, বিদেশে প্রশিক্ষণ এবং নতুন ভবন নির্মাণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরোনো গাড়ি প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে গাড়ি কেনা যাবে। নতুন বা প্রতিস্থাপিত জিপ ও গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন কেনার নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাসংশ্লিষ্ট যানবাহন এ বিধিনিষেধের বাইরে থাকবে।
এ ছাড়া সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি কেনার অগ্রিম ঋণ সুবিধাও বন্ধ করা হয়েছে। নতুন ভবন নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হবে না। তবে কোনো প্রকল্পের নির্মাণকাজ ৭০ শতাংশ বা তার বেশি সম্পন্ন হলে বিশেষ বিবেচনায় তা চালু রাখা যেতে পারে। পরিচালন বাজেটের আওতায় জমি অধিগ্রহণও বন্ধ থাকবে।
বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া এ খাতে ব্যয় করা যাবে না। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশোধিত বাজেটে বরাদ্দ পুনর্বিন্যাসের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পগুলোও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানোর জন্য ২৬ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
সরকারের লক্ষ্য, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।


মন্তব্য করুন