দেশের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য থাকা ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ পূরণে বড় নিয়োগ পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি জনবলের হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সরকারি দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

এই শূন্য পদ পূরণে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। নিয়োগ কার্যক্রমের অগ্রগতি ও শূন্য পদের হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগ সম্পন্ন করতে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলে সংসদে জানানো হয়।