পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এবার সম্ভাব্য বন্ড হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে জল্পনা বাড়ছে।

পর্দায় হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল, শারীরিক গঠন ও অ্যাকশন দৃশ্যে দক্ষতার কারণে অনেকেই তাঁকে জেমস বন্ডের চরিত্রে দেখতে চান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২০২৬ সালের ফিল্ম গালায় অংশ নেন এই অভিনেতা। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’ সিনেমার পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাঁকে।

বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে, কারণ পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। একই অনুষ্ঠানে হৃতিক ও এই পরিচালকের উপস্থিতির ছবি ছড়িয়ে পড়ার পর অনেকে তাঁদের সম্ভাব্য যৌথ কাজ নিয়ে আলোচনা শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হৃতিককে বন্ড চরিত্রের জন্য অডিশন দেওয়ার পরামর্শও দিয়েছেন। তাঁদের মতে, হৃতিককে ০০৭-এর ভূমিকায় দেখা গেলে তা হতে পারে ব্যতিক্রমী অভিজ্ঞতা।

তবে হৃতিক ও ডেনিস ভিলনভের মধ্যে জেমস বন্ডের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। এই চরিত্রে হৃতিকের অভিনয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্যও প্রকাশ করা হয়নি।

তাই আপাতত ভক্তদের জল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে হৃতিকের বন্ড হওয়ার সম্ভাবনা।