প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেছেন দুই নেতা।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা।
বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা করেন দুই নেতা। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সংকট মোকাবিলায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনায় আসে।
রোহিঙ্গা সংকট সমাধানেও তুরস্কের সমর্থন কামনা করেন তারেক রহমান। এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে তুরস্কের সংহতি এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন