কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে চার সদস্যের যৌথ কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মেজর আশরারুল হক এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

তদন্ত কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার সহায়তায় ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, তদন্তের কাজ দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।

তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষে জানা যাবে।