বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে! বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ অসুস্থ হয়ে পড়েছেন ৬০ জনের বেশি অতিথি। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন কিরণ মিয়া নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (১৩ নভেম্বর) কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের আরজু মিয়ার মেয়ের বিয়েতে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। কনেপক্ষ ও বরপক্ষের অতিথিরা খাবার খাওয়ার পরপরই অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়।

অসুস্থদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে কিশোরগঞ্জ ও ভাগলপুরের হাসপাতালে পাঠানো হয়।

এদিকে অসুস্থ হয়ে পড়েছেন নববধূ তাসমিতা বেগম ও তার স্বামী শেখ স্বাধীনও।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, সেখানে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। শয্যাসংকটের কারণে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শনিবার বিকেলে মারা যান কিরণ মিয়া।

তবে খাবার থেকে অসুস্থতার প্রকৃত কারণ জানতে তদন্তের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।