১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) শাহবাগে এ কর্মসূচি পালন করেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। এ সময় দ্রুত নিয়োগ নিশ্চিত করতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান তারা।
আন্দোলনকারীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধিমালা অনুযায়ী, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৬৩৪ জন। পরীক্ষায় পাসের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে ১৭তম নিবন্ধনসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন। ফলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে ৯ হাজার ৮৪২ জন এখনো নিয়োগের অপেক্ষায় রয়েছেন।
প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক সব শূন্যপদ অন্তর্ভুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
তারা আরও জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্র অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ থাকলেও তাদের নিয়োগের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন অপেক্ষায় থাকায় সামাজিক ও ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
আন্দোলনকারীরা জানান, এরই মধ্যে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন তারা। গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচিও পালন করেন। সে সময় তৎকালীন শিক্ষামন্ত্রী তাদের দাবি শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সর্বশেষ গত ১১ আগস্ট এক সেমিনারে শিক্ষামন্ত্রী শিক্ষক বদলি কার্যক্রমের পর ৯ হাজার ৮৪২ জনের বিষয়টি বিবেচনার কথা জানান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা না পাওয়ায় নিয়োগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে এনটিআরসিএ।
এ অবস্থায় তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবিগুলো হলো—সুপারিশবঞ্চিতদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সনদের মেয়াদ ও বয়সের শর্ত পূরণ সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা।


মন্তব্য করুন