বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়ার পথে বড় ধাক্কা খেলেন আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার তালিকা থেকে বাদ পড়েছেন।
সোমালিয়ার এই রেফারি বিশ্বকাপে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান হতে যাচ্ছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে তিনি তুরস্কে অবস্থান করেন।
আরতান ২০১৮ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় আছেন। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা রেফারি নির্বাচিত হন। একই বছর আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করে তিনি আলোচনায় আসেন।
তবে ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রের অভিবাসন অনুমতি না পাওয়ার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের দায়িত্ব হারান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায়, তার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি এবং তিনি এবার বিশ্বকাপে অংশ নিতে পারবেন না।
ফিফার পক্ষ থেকে বলা হয়, আয়োজক দেশের অভিবাসন নীতি অনুযায়ী ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের হাতে থাকে, আর এতে ফিফার কোনো নিয়ন্ত্রণ নেই।
সোমালিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আরতান বৈধ কাগজপত্র নিয়েই ভ্রমণ করছিলেন। এরপরও তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর আরতান জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে হতাশ হলেও ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে চান এবং নিজের রেফারিং ক্যারিয়ার চালিয়ে যেতে চান।

মন্তব্য করুন