টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, চলতি ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কথিত বিয়ের কার্ড। তবে বিয়ের বিষয়ে সরাসরি কিছু না বলে রহস্য আরও বাড়িয়েছেন মিমি।
সম্প্রতি কলকাতার একটি প্রচারমূলক অনুষ্ঠানে পাপারাজ্জিদের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে তাঁর বিয়ের কার্ড নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিস্ময়ের সুরে পাল্টা প্রশ্ন করেন, ‘কার বিয়ের কার্ডের কথা বলছো তোমরা?’
এরপর কৌতুকের ছলে মিমি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে কাউকে জীবনে হতাশ করে না। আমি খুব ফান-লাভিং। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত বিয়ের কার্ডে বর-কনের ছবির পাশাপাশি দেখা গেছে মিমির তিন পোষ্য সারমেয়র ছবিও। তাঁর পোষ্য চিকু, জুনিয়র-ম্যাক্স ও জাদুকে নিয়ে ভক্তদের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
এদিকে টালিউডের বিভিন্ন সূত্রের বরাতে আলোচনায় এসেছে, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি। তবে এ বিষয়ে অভিনেত্রী কিংবা তাঁর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ফলে সত্যিই কি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন মিমি, নাকি পুরোটাই গুঞ্জন, সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।


মন্তব্য করুন