ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার এগোচ্ছে প্রতিষ্ঠানটির কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ।
সোমবার (১৬ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ধর্মবিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরে রূপান্তরের প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দেয়। পাশাপাশি প্রস্তাবিত কাঠামো ও পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরির নির্দেশনাও দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, অধিদপ্তরে রূপান্তর হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা বাড়বে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও গতিশীল হতে পারে।
উল্লেখ্য, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, ইমাম প্রশিক্ষণ, ইসলামি গবেষণা ও প্রকাশনাসহ দেশের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ইসলামিক ফাউন্ডেশন।
এখন প্রস্তাবিত কাঠামো পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির পর তা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে অধিদপ্তরে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়নের সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি। দীর্ঘদিনের প্রত্যাশিত এই পরিবর্তন শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসতে পারে।


মন্তব্য করুন