বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার সরাসরি হত্যার হুমকি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, বাবা সিদ্দিকি হত্যা মামলার আসামি জিশান আখতারের নাম ব্যবহার করে সাইফকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে সত্যিই জিশান এই হুমকি দিয়েছেন, নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করেছে, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। ইতোমধ্যে শুরু হয়েছে তদন্ত।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন সাইফ। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে হত্যার হুমকি পেলেন এই অভিনেতা।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ে ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী ও রাজনীতিক বাবা সিদ্দিকিকে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যাদের খোঁজা হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন জিশান আখতার। বাবা সিদ্দিকির সঙ্গে বলিউডের বহু তারকার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশেষ করে সালমান খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের কারণে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা হুমকি ও হামলার মুখে পড়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সালমান খান, রণবীর সিং, আয়ুষ শর্মা, টাইগার শ্রফ ও চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি। সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাইফকে দেওয়া সর্বশেষ হুমকিতে সেই উদ্বেগ আরও বেড়েছে।


মন্তব্য করুন