২০২৭ শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে জোর প্রস্তুতি চলছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য ছাপা হচ্ছে ৩০ কোটি ৯২ লাখের বেশি বই। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় এসব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের সব বই ছাপা, বাঁধাই ও সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। এ স্তরের বাকি বই ২০ নভেম্বরের মধ্যে সরবরাহের লক্ষ্য রয়েছে। ইবতেদায়ি স্তরের বই ছাপা ও বাঁধাইয়ের কাজও শেষ পর্যায়ে।
অন্যদিকে, সবচেয়ে বেশি বই ছাপা হচ্ছে মাধ্যমিক স্তরের জন্য। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপা হচ্ছে প্রায় ১৭ কোটি ৯৫ লাখ বই। এর মধ্যে ৭৭ শতাংশ ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। বাকি বই দ্রুত ছাপা ও বাঁধাই করে সরবরাহের কাজ চলছে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বই ছাপা ও সরবরাহের কাজ এগিয়ে চলছে। ৩০ নভেম্বরের মধ্যেই শতভাগ বই উপজেলায় পৌঁছে দেওয়ার আশা করছেন তারা।
এদিকে, এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস জানিয়েছেন, নির্ধারিত সময়ে বই সরবরাহের পাশাপাশি পাঠ্যবইয়ের গুণগত মান নিশ্চিত করতেও নিয়মিত তদারকি করা হচ্ছে। নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

মন্তব্য করুন