মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না, এমন এলাকাকে বলা হয় ‘ডেড জোন’। এ সমস্যা দূর করতে নতুন উদ্যোগ নিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। বাড়ির ছাদে স্থাপন করা যাবে এমন ছোট আকারের সেল টাওয়ার তৈরির নকশা চূড়ান্ত করেছে তার প্রতিষ্ঠান। ২০২৭ সালে এসব যন্ত্রের উৎপাদন শুরু হতে পারে।
চলতি সপ্তাহে ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে মাস্ক এ তথ্য জানান। তিনি বলেন, পৃথিবীর যেকোনো জায়গায়, এমনকি সাধারণ মোবাইল ফোনের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করতে চায় স্পেসএক্স।
মাস্ক জানান, আগামী বছর ডাইরেক্ট-টু-সেল ভি২ স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা রয়েছে। এতে ডেটা আদান-প্রদানের সক্ষমতা ৪০ গুণ বাড়বে।
তবে ভবনের ভেতরে, বিশেষ করে ধাতব ছাদযুক্ত স্থাপনায় স্যাটেলাইটের সংকেত পৌঁছাতে সমস্যা হয়। এ সীমাবদ্ধতা কাটাতে ব্যবহারকারীদের কাছাকাছি স্থলভিত্তিক ক্ষুদ্র সেল টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
মাস্কের ভাষ্য অনুযায়ী, মাইক্রো সেল টাওয়ারের মতো এসব যন্ত্র বাড়ির ছাদে স্থাপন করা যাবে। স্টারলিংক ডিশের মতো দেখতে যন্ত্রগুলো আশপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্কের সংকেত শক্তিশালী করতে কাজ করবে।
মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুমোদনের পর টি-মোবাইলের সঙ্গে অংশীদারত্বে সরাসরি মোবাইল ফোনে স্টারলিংক স্যাটেলাইট সংযোগ দেওয়ার পরিকল্পনা নেয় স্পেসএক্স।
২০২৫ সালে ইকোস্টারের সঙ্গে ১ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চলতি বছর ৮০০ কোটি ডলার মূল্যমানের লো-ব্যান্ড স্পেকট্রামের একটি অংশ অধিগ্রহণে সম্মত হয়েছে স্পেসএক্স।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গিন শটওয়েলও গত আগস্টে জানিয়েছিলেন, বড় সেল টাওয়ারের পরিবর্তে ছোট ও কম বিদ্যুৎ খরচের বেস স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন প্রযুক্তির উৎপাদন ও বাজারজাতকরণের সময় এখনো চূড়ান্ত হয়নি। মাস্কের ধারণা, ২০২৭ সালে উৎপাদন শুরু সম্ভব হবে।

মন্তব্য করুন