শখের সাজানো ঘরেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী টিনা দত্ত। নিজের বসার ঘরের সিলিংয়ের বড় একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে তার ওপর। এতে কাঁধে আঘাত পেয়েছেন অভিনেত্রী। তবে ভাগ্যক্রমে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে দুর্ঘটনার কথা জানান টিনা। ভিডিওতে দেখা যায়, বসার ঘরের মেঝেজুড়ে ছড়িয়ে রয়েছে ভেঙে পড়া সিলিংয়ের বিভিন্ন অংশ। ক্যাপশনে মজার ছলে নিজের জীবনের এই অপ্রত্যাশিত ঘটনাকে তুলে ধরেছেন তিনি।

অভিনেত্রী জানান, দুর্গাপূজার ছুটিতে কলকাতায় ছিলেন তিনি। গত ৩১ অক্টোবর মুম্বাইয়ে ফিরে গোসল শেষে খাবার খাচ্ছিলেন। হঠাৎ মেঝেতে ছাদের ভাঙা অংশ দেখতে পান। প্রথমে ভেবেছিলেন, ঘর পরিষ্কার করার সময় হয়তো গৃহকর্মী ময়লা ফেলেছেন। পরে বুঝতে পারেন, তার ঘরের সিলিংয়ের বড় একটি অংশ ভেঙে পড়েছে।

এ সময় ভাঙা অংশের আঘাতে কাঁধে চোট পান তিনি। ঘটনার পর প্রথম দুই দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও তৃতীয় দিন ঘরের বেহাল অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

তবে কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন টিনা।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেত্রী জানিয়েছেন, ঘরটির সিলিং ছিল ফলস সিলিং। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।