ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কেন্দ্র দুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি এসব রাজ্যে দীর্ঘমেয়াদে বসবাসরত বিদেশি নাগরিকরাও আবেদন করার সুযোগ পাবেন।
ভিসা আবেদনসংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।
কলকাতার কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভে সিমসিস টাওয়ার্সে। অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়।
এর আগে ডিইউ ডিজিটাল নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করত। আগামী ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রতিষ্ঠানটি আবেদন গ্রহণ ও সংশ্লিষ্ট সেবা পরিচালনা করবে।


মন্তব্য করুন