অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে পরিবারের সদস্যরা তার জন্য সবার কাছে দোয়া চান। একই সঙ্গে কারও সঙ্গে দেনা-পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।

এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (কার্ডিয়াক অ্যারেস্ট) উল্লেখ করা হয়েছে।

তার মৃত্যুতে ‘নসিব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে তিনি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’।