ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মজুরি কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সালনা থেকে গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, শ্রমিকদের নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এসব এলাকার অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।