টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসটির চাকায় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাসটি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাস মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও বাস শ্রমিকদের বরাতে জানা যায়, টার্মিনালের ভেতরে পার্কিং করা নিরালা সুপার বাসের একটি চাকায় আগুন জ্বলতে দেখেন পাশের বাসের এক সহকারী। পরে তিনি দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং মালিক ও শ্রমিকদের বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় বাসটির চাকার নিচ থেকে একটি বোতল উদ্ধার করা হয়।

নিরালা সুপার বাসের সুপারভাইজার আনিসুর রহমান জানান, সকালে বাসের চাকা থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত সেখানে ছুটে যান। পরে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর বাস মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে দাবি করেছেন। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি রাতে নিজস্ব লোকজন দিয়ে বাস টার্মিনালে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

টাঙ্গাইল সদর ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বোতলে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা বোতলটি তদন্তের জন্য নেওয়া হয়েছে।