পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি দেশের বরিশালভিত্তিক প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিভিত্তিক সিমেন্ট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে ‘টোল ম্যানুফ্যাকচারিং’ চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে।
ইতোমধ্যে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশের পরিচালনা পর্ষদ এ চুক্তির অনুমোদন দিয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তির আওতায় অলিম্পিক সিমেন্ট লিমিটেড হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশের জন্য সিমেন্ট উৎপাদন করবে। অর্থাৎ, নির্ধারিত শর্ত অনুযায়ী অলিম্পিক সিমেন্ট নিজস্ব উৎপাদন সক্ষমতা ব্যবহার করে হাইডেলবার্গের ব্র্যান্ডের জন্য সিমেন্ট প্রস্তুত করবে।

চুক্তির শর্ত অনুযায়ী, সিমেন্ট উৎপাদনের প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল ও প্যাকেজিং সামগ্রী সরবরাহ করবে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ। অন্যদিকে, অলিম্পিক সিমেন্ট উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে এবং হাইডেলবার্গের নির্ধারিত গুণগত মান ও পণ্যের স্পেসিফিকেশন অনুসরণ করবে।

পাশাপাশি উৎপাদিত সিমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মানদণ্ডও বজায় রাখতে হবে অলিম্পিক সিমেন্টকে।

এই চুক্তির মাধ্যমে হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় সিমেন্ট উৎপাদনের সুযোগ পাবে। অন্যদিকে, অলিম্পিক সিমেন্টও উৎপাদন কার্যক্রমের মাধ্যমে নতুন ব্যবসায়িক সহযোগিতায় যুক্ত হচ্ছে।