ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন, স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ-সংঘর্ষে উত্তেজনা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২৫ বার পঠিত
বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন, স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ-সংঘর্ষে উত্তেজনা

ছবি: -সংগৃহীত

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশ্বখ্যাত শিল্পীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করলেও স্টেডিয়ামের বাইরে ছিল ভিন্ন চিত্র। বিভিন্ন দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলম্বিয়ান পপ তারকা শাকিরাসহ জনপ্রিয় শিল্পীরা। প্রায় ৮২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটি ছিল দর্শকে পরিপূর্ণ।

তবে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে প্রায় ২০০ জন মুখোশধারী বিক্ষোভকারীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

নিরাপত্তা পরিস্থিতির কারণে মেক্সিকো সিটির কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি একটি ফ্যান জোনে সৃষ্ট উত্তেজনাও নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। যদিও এসব ঘটনার কারণে সামগ্রিক আয়োজন ব্যাহত হয়নি এবং অধিকাংশ দর্শক নির্বিঘ্নে স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হন।

বিক্ষোভের পেছনে ছিল দেশটির সরকার ও জাতীয় শিক্ষক ইউনিয়নের চলমান বিরোধ। ইউনিয়নটি ২০০৭ সালের বিতর্কিত পেনশন আইন বাতিল এবং শতভাগ বেতন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘট পালন করছে। তাদের দাবি, এর প্রভাবে দেশের লাখো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।

এ ছাড়া মাদক সহিংসতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। কয়েক দিন আগে তারা স্টেডিয়ামের প্রধান সড়ক অবরোধ করে ‘ফিফা, চলে যাও’ লেখা ব্যানার প্রদর্শন করেন।

পরিস্থিতি সামাল দিতে ম্যাচের দিন রাজধানীর সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। নানা বিতর্ক ও উত্তেজনার মধ্যেও শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আর শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের নতুন অধ্যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930