https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ মিশনটা জয়ে শুরু করার লক্ষ্য ছিল ব্রাজিলের। কিন্তু প্রথম ম্যাচেই পয়েন্ট খুইয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চাপে রাখে মরক্কো। আক্রমণাত্মক ফুটবল খেলে একের পর এক সুযোগ তৈরি করে আফ্রিকার দলটি। সেই চাপেরই ফল আসে ২১তম মিনিটে। ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রাজিল। ৩২তম মিনিটে দলের ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। বাম প্রান্ত থেকে দুর্দান্ত ড্রিবলিংয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। সেই গোলেই সমতায় ফেরে ব্রাজিল। জাতীয় দলের হয়ে এটি ছিল ভিনিসিয়ুসের ৫০তম গোল।
বিরতির পর আক্রমণে বেশি সক্রিয় ছিল ব্রাজিল। তবে মরক্কোর রক্ষণভাগ ছিল বেশ দৃঢ়। ফলে একাধিক সুযোগ তৈরি করেও জয়সূচক গোল আদায় করতে পারেনি কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে ম্যাচের শেষ দিকে জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মরক্কোও। যোগ করা সময়ে এল আয়নাউয়ির দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। তার সেই সেভই শেষ পর্যন্ত ব্রাজিলকে হার থেকে রক্ষা করে।
শেষ বাঁশি বাজার পর ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে শুরু হলো ব্রাজিলের অভিযান, আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারে মরক্কো।