ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভে তিনজন আটক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ৪০ বার পঠিত
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভে তিনজন আটক

ছবি: -সংগৃহীত

যুক্তরাজ্য সফররত এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ইস্ট লন্ডন মসজিদসংলগ্ন একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং দুই পক্ষের সমর্থকদের মুখোমুখি অবস্থানের ঘটনায় পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে এনসিপির সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

উত্তেজনার মধ্যে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। সভা শেষে একইভাবে নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলম পার্কেও হাসনাত আবদুল্লাহকে ঘিরে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাঁকে অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি পাশের একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। এ সময় তাঁর সফরসঙ্গীদের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ঘটনার এক পর্যায়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে, আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দাবি করেছেন, দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি; কিছু ব্যক্তি ব্যক্তিগতভাবে প্রতিবাদে অংশ নিয়ে থাকতে পারেন।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পুলিশ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930