ইরানি পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এর প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তাঁর এই বক্তব্য প্রকাশ করে জানায়, আলোচনায় তিনি হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেল নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দ অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতির কথা উল্লেখ করেন।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর তিনি জানান, দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে মধ্যস্থতাকারীদের বরাতে জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছে।

এর আগে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও ঝুঁকির পরিস্থিতি তৈরি হয়েছিল, যা পরে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আংশিকভাবে স্বাভাবিক করা হয়।