অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিল উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম দ্রুত বিস্তার লাভ করেছে। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিচালিত এসব কার্যক্রম নিয়ন্ত্রণে বিদ্যমান আইন পর্যাপ্ত নয়। তাই আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনে ডিজিটাল জুয়া প্ল্যাটফর্ম, অনলাইন ও দূরবর্তী জুয়া, বেটিং ও ওয়েজারিং, ডিজিটাল ওয়ালেট, টোটালাইজেটর, পেশাদার বুকমেকার, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোর আইনি সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিলে শুধু জুয়া খেলা নয়, অবৈধ জুয়া আয়োজন, পরিচালনা, প্রচার, সহায়তা প্রদান কিংবা প্রযুক্তিগত সহযোগিতাকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

মন্তব্য করুন