https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কার মধ্যে আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার আশঙ্কাও রয়েছে।
এদিকে উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে নদীটির পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে।
আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে। ফলে কুড়িগ্রামসহ তিস্তা-ধরলা অববাহিকার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসামে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের নদ-নদীতেও পড়তে পারে।
এ পরিস্থিতিতে চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের দ্রুত ফসল ঘরে তোলার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, তিস্তা তীরবর্তী চরাঞ্চলে চাষ করা চীনা বাদামসহ বিভিন্ন ফসল দ্রুত সংগ্রহ করে নিরাপদ স্থানে সংরক্ষণ করা প্রয়োজন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||