ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় অবস্থানে বিআরটিএ : টিআইবি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২১ বার পঠিত
সেবা খাতে দুর্নীতির শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় অবস্থানে বিআরটিএ : টিআইবি

ছবি: -সংগৃহীত

দেশের সরকারি সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতি ও ঘুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে পাসপোর্ট অফিসের বিরুদ্ধে। এর পরেই রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এ এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের মধ্যে ৮৪ দশমিক ৪ শতাংশ দুর্নীতির এবং ৭৬ দশমিক ৬ শতাংশ ঘুষের শিকার হয়েছেন। অন্যদিকে বিআরটিএতে দুর্নীতির শিকার হয়েছেন ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষ দিতে বাধ্য হয়েছেন ৬৩ দশমিক ৫ শতাংশ সেবাগ্রহীতা।

জরিপে আরও দেখা গেছে, পাসপোর্ট সেবায় গ্রামাঞ্চলে ৮৭ শতাংশ এবং শহরাঞ্চলে ৭৯ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে ঘুষের শিকার হওয়ার হার গ্রামে ৭৯ দশমিক ১ শতাংশ এবং শহরে ৭১ দশমিক ৮ শতাংশ।

বিআরটিএ সেবার ক্ষেত্রে গ্রামাঞ্চলে দুর্নীতির শিকার হওয়ার হার ৮০ দশমিক ৪ শতাংশ এবং শহরে ৭৭ দশমিক ৭ শতাংশ। ঘুষের হার গ্রামে ৬১ দশমিক ৫ শতাংশ এবং শহরে ৬৬ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে অন্যান্য খাতের চিত্রও তুলে ধরা হয়েছে। ঘুষের শিকার হওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও কৃষি খাত উভয়েই ৪৯ দশমিক ৩ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ভূমি, বিচারসেবা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং দুর্যোগ সহায়তা খাতেও উল্লেখযোগ্য হারে ঘুষ ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

দুর্নীতির শিকার হওয়ার হার বিবেচনায় বিচারসংশ্লিষ্ট সেবা খাতে ৭১ দশমিক ৩ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ৬৯ দশমিক ৪ শতাংশ এবং ভূমি খাতে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ দুর্নীতির অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

টিআইবির জরিপে আরও বলা হয়েছে, দেশে মোট ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত একটি সেবা খাতে ঘুষের শিকার হয়েছেন। অন্যদিকে ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনো সেবা গ্রহণের সময় দুর্নীতির মুখোমুখি হয়েছেন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে দুর্নীতির এই চিত্র পরিবর্তন করা কঠিন হবে। তিনি দুর্নীতি প্রতিরোধে কার্যকর সংস্কার ও নজরদারি জোরদারের আহ্বান জানান।

প্রতিবেদন অনুযায়ী, দেশের সরকারি সেবা খাতগুলোর মধ্যে পাসপোর্ট সেবার পরিস্থিতি বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930