https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিগত সরকারের সময় নেওয়া প্রায় ১,৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক দায় হিসেবে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বহু উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। ফলে এসব প্রকল্প পুরোপুরি বাতিল করাও সম্ভব হচ্ছে না, আবার অনেক ক্ষেত্রেই এগুলো বাস্তবায়ন অব্যাহত রাখাও সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, কিছু প্রকল্প বাদ দিতে পেরেছি, কিন্তু সব বাদ দেওয়া সম্ভব নয়। না ফেলতে পারছি, না গিলতে পারছি—এটাই বর্তমান সরকারের অন্যতম বড় সমস্যা।
সরকারের নতুন অর্থনৈতিক দর্শনের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটের মূল লক্ষ্য হলো ‘অর্থনীতির গণতন্ত্রীকরণ’। তার মতে, গত কয়েক বছরে দেশের অর্থনীতি পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবস্থায় পরিণত হয়েছিল, যেখানে প্রভাবশালী গোষ্ঠীগুলো সুবিধা পেলেও প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়নের মূলধারা থেকে বাইরে ছিল।
তিনি জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষকদের ঋণের বোঝা না বাড়িয়ে সার, বীজসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও হতাশাজনক পর্যায়ে রয়েছে এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নও কমছে। এ পরিস্থিতিতে বড় বিনিয়োগের অর্থায়নে ব্যাংকিং খাতের ওপর চাপ কমাতে পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।